স্কুলছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের
দি নিউজ লায়নঃ রক্তাক্ত অবস্থায় দশম শ্রেণীর এক ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার দুধিয়াবাড়ি এলাকায় । শনিবার সকালে বাড়ি থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে নির্মীয়মান একটি কালভার্টের নীচে ক্ষতবিক্ষত অবস্থায় ওই ছাত্রীর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় গ্রামবাসীরা । এই ঘটনায় মৃত ছাত্রীর পরিবার তাদের মেয়েকে খুনের অভিযোগ তুলেছেন প্রেমিকের বিরুদ্ধে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ।
ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত ছাত্রীর নাম ভারতী হেমরম। তার বাড়ি পুরাতন মালদা থানার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দুধিয়াবাড়ি এলাকায় । এ বছর সে পোপড়া ঈশ্বরলাল হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিত। এদিন সকালে স্থানীয় কিছু গ্রামবাসীরা পোপড়া স্ট্যান্ডের কাছে নির্মীয়মান কালভার্টের নিচে মুখে রক্ত লাগা অবস্থায় ওই ছাত্রীর দেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে। এরপর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পরনে চুরিদার এবং লেগিন্স ছিল ওই ছাত্রীর। মৃতদেহের পাশ থেকে ঘড়ি, মোবাইল, জুতো এবং চশমার কাঁচ উদ্ধার হয়েছে। সেই সূত্র ধরেই এই ছাত্রীর রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ। মৃত ছাত্রীর মা এবং পরিবারের আত্মীয়দের অভিযোগ, ভাবুক গ্রাম পঞ্চায়েতের ঝাড়পুকুরিয়া গ্রামের একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল তার মেয়ের। কিন্তু ছেলের বাড়ি থেকে তাদের মেয়ের এই সম্পর্ক মেনে নেয় নি। যার ফলে বিচ্ছেদ ঘটে। হয়তো পুরনো শত্রুতার জেরে প্রেমিক তাদের মেয়েকে খুন করে কালভার্ট থেকে ফেলে দিয়েছে।
পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে নিছক একটি দুর্ঘটনা । চলন্ত মোটর বাইক থেকেই নির্মিয়মান কালভার্টের নিচে পরেই মৃত্যু হয়ে থাকতে পারে ওই ছাত্রীর । কিন্তু এই ঘটনার পিছনে প্রকৃত কি কারণ রয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই পরিষ্কার করে বলা যাবে। তবে মৃত ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

Post a Comment